ডেস্ক রিপোর্ট
১০ মে ২০২২, ৪:১২ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের আদমজী ই.পি.জেড এর বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেড এর শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ আইনানুগ পাওনা পরিশোধ, কারখানা চালু করা এবং আদমজী ই.পি.জেড এর শ্রমিক স্বার্থ বিরোধী মহাব্যবস্থাপক আহসানুর কবির এর অপসারণের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে স্মারকলিপি পেশ করতে বেপজা চেয়ারম্যান কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে।
কদম ফোয়ারার মোড়ে পুলিশের বাধার মুখে ১০ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করতে বেপজা চেয়ারম্যান কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়।
বেকা গার্মেন্টেসের শ্রমিক আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের
সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম সমন্বয়ক চৌধুরী আশিকুল আলম ও আহসান হাবিব বুলবুল, জী-স্কপের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান ও আব্দুল ওয়াহেদ, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৌমিত্র কুমার দাস, সাইফুল ইসলাম শরিফ, রুহুল আমিন সোহাগ, মনিরা, আহাদ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ প্রশ্ন করেন, ই.পি.জেড এর মধ্যে অবস্থিত একটি গার্মেন্টেসের শ্রমিকদের ৩ মাসের বেতন কিভাবে বকেয়া থাকল? বেপজা
পলিশি অনুসারে প্রতি মাসে শ্রমিকদের যেকোন অভিযোগের বিষয়ে রিপোর্ট করার বিধান থাকার পরেও আদমজী ই.পি.জেড কর্তৃপক্ষ বেকা
গার্মেন্টেসের মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বা শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য চাপ তৈরী করেননি কেন? আদমজী ই.পি.জেড এর
দুর্ণীতিবাজ কর্মকর্তারা শ্রমিকদের মজুরি আত্মসাতকারী মালিককে গ্রেফতার করলনা অথচ মজুরি চাওয়ার অপরাদে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা
দেওয়ার হুমকি দিচ্ছে, তাদের পুলিশ দিয়ে লাঠিপিটা করাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা অশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে এই শ্রমিকদের শ্রমের প্রেক্ষিতে উৎপাদিত পণ্য রপ্তানি করে সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করার গল্প করছে অথচ স্বয়ং প্রধানমন্ত্রীর অধিনস্ত এলাকার শ্রমিকরা তাদের মজুরি না পেয়ে ঈদের দিনে অনশন করছে কান্নাকাটি করছে, তাদের মজুরি আত্মসাতের প্রচেষ্টাকারী সরকারী কর্মকর্তাদের শাস্তি হচ্ছেনা। ফলে তারা প্যাপিলিয়ন, এম.সি.এস, কুনতং এ্যাপারেলস সহ একটার পর একটা কারখানার শ্রমিকদের একই কৌশলে আইনানুগ পাওনা থেকে বঞ্চিত করছে। আর প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন তার কাছে অভিযোগ জানালে তিনি শ্রমিকদের সমস্ত সমস্যার সমাধান করবেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণা কে শ্রমিকরা কেন অসৎ মালিক এবং দুর্ণীতিগ্রস্ত কর্মকর্তাদের আড়াল করার চেষ্টা হিসাবে বিবেচনা করবেনা?
নেতৃবৃন্দ, বেকা গার্মেন্টসের শ্রমিকদের হামলা-মামলার ভয় দেখানো আদমজী ই.পি.জেড এর জি.এম আহসানুল কবির কে অপসারণ ও শাস্তি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল বা শ্রমিক কল্যাণ তহবিল থেকে অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা এবং বেকা গর্মেন্টস মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে তহবিল সমন্বয় করার আহবান জানিয়ে বলেন, সময়ক্ষেপন করে, ভয় দেখিয়ে বা নিপিড়ন করে বেকা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার যেকোন প্রচেষ্টা বাংলাদেশের জাতীয় শ্রমিক আন্দোলন রুখে দেবে। শ্রমিকরা ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধ করা নাহলে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেন।