ডেস্ক রিপোর্ট
৬ মে ২০২২, ২:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সয়াবিন তেলের অযৌক্তিক, অস্বাভাবিক দামবৃদ্ধির ঘোষণায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এবং চরম গণবিরোধী এ সিদ্ধান্ত রুখে দাঁড়ানোর জন্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
ফোরামের পক্ষ থেকে সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী এক বিবৃতিতে বলেন, ‘সরকার আমদানিকারক ও মিলমালিকদের সাথে বৈঠক করে বোতলজাত সয়াবিন তেল লিটারে ৩৮ টাকা ও খোলা সয়াবিন তেল লিটারে ৪৪ টাকা বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে, তা অযৌক্তিক ও গণবিরোধী। ভোজ্যতেলের কারবারিরা ঈদের এক সপ্তাহ আগে থেকে সরবরাহ কমিয়ে দিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম আদায় করেছে । এ অপরাধের জন্যে দায়ী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিবর্তে সরকার তাদের সাথে বৈঠক করে তেলের দাম বৃদ্ধির মাধ্যমে উল্টো তাদের পুরস্কৃত করলো। এটা জনগনের সাথে সরকার ও ব্যবসায়ী সিন্ডিকেটের সম্মিলিত জোচ্চুরি।’
কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী সয়াবিন তেলসহ নিত্যপণ্যের গলাকাটা দামের প্রতিবাদে এবং সারাদেশে রেশনিং-ব্যবস্থা প্রবর্তন করে শ্রমজীবী-নিম্নআয়ের মানুষদের স্বল্পদামে নিত্যপণ্য সরবরাহের দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্যে ভুক্তভোগী জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।