ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২২, ১২:২৬ পূর্বাহ্ণ

লঞ্চ চালুর দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী ছোট লঞ্চগুলোকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ৭০টি লঞ্চের পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নারায়ণগঞ্চের সবগুলো রুটে আগামী সাত দিনের মধ্যে লঞ্চ চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ স্টেশনের পন্টুনে লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া বলেন, ‘একটি লঞ্চ দুর্ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সব রুটে লঞ্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগামী সাত দিনের মধ্যে লঞ্চগুলোকে যাচাই করে বৈধ চালক দ্বারা চালু করার দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশের নৌ-শ্রমিকরা নারায়ণগঞ্জের লঞ্চ চালুর দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবেন। আমরা আশা করছি, সরকার বিষয়টিকে বিশেষ বিবেচনায় নেবে।’

শ্রমিকদের অর্থকষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার কারণে শত শত দরিদ্র শ্রমিক এর মাশুল দিচ্ছে। তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। রমজান মাসে তারা ঠিকভাবে রোজা পালন করতে পারছেন না খাবারের অভাবে। সামনে ঈদ, এই ঈদ তারা কীভাবে উদযাপন করবেন তা বুঝে উঠতে পারছেন না। তারা মানবেতর জীবন যাপন করছেন।’

তিনি আরও বলেন, ‘লঞ্চ দুর্ঘটনার জন্য নারায়ণগঞ্জের পুরনো নৌপথ বন্ধ হয়ে যেতে পারে না। আমরা অনতিবিলম্বে এই নৌপথে লঞ্চ চালুর দাবি জানাচ্ছি। আমরা দক্ষ চালক দ্বারা লঞ্চগুলো চালুর জোর দাবি জানাচ্ছি। অদক্ষ চালক দিয়ে মানুষ হত্যা আমরা কোনও অবস্থাতেই চাই না।’

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা লঞ্চ শ্রমিকদের বকেয়া ও চলতি মাসের বেতন দ্রুত পরিশোধ করে দিন।’

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন– নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়নের উপদেষ্টা মিন্টু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মাস্টার, শ্রমিক লীগ নেতা আলমগীর, আতিকুল ইসলাম টিটু প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিক ও নেতৃবৃন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এর আগে, ২০ মার্চ শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ রূপসী-৯-এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। এই ঘটনার চার দিন পরে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌপথে একটি সি-ট্রাক চালু করা হয় এবং নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌপথে ঢাকা থেকে আগত দুটি লঞ্চ চালু করা হয়। আর নারায়ণগঞ্জের ছোট লঞ্চগুলো অনিরাপদ বলে এখনও চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

শেয়ার করুন