ডেস্ক রিপোর্ট
৯ এপ্রিল ২০২২, ৫:০৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্থ কৃষকের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে, বাঁধ নির্মাণে অবহেলার জন্য দায়িদের দৃষ্টান্ত মূলক শাস্তি , সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।
আজ শনিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী ) সিলেট জেলার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য রেজাউর রহমান রানা, রুবাইয়াৎ আহমেদ, সঞ্জয় কান্ত দাস প্রমুখ।
বক্তাগণ বলেন, বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির কারণে উজানের ঢলে ২০১৭ সালে গোটা হাওর অন্ঞ্চলে শতভাগ ফসল বিনষ্ট হয়েছিল। এবারও একই অবস্থা তৈরীর আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যে বাঁধ ভেঙে ৩০ টি হাওরের ফসল তলিয়ে গেছে। হাওর অঞ্চলের মানুষ বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়েও তা রক্ষা করতে পারছেননা। উজানের পানির ঢল বাড়তে থাকলে হাওর অঞ্চলের সকল ধান পানিতে তলিয়ে যেতে পারে। ঢলে বাঁধ ভেঙে যাবার মূল কারণ হিসেবে বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতিই প্রধানত দায়ী।
বক্তাগণ বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সময় সীমা ছিল তারপর আরও ১০ দিন বাড়ানোর পরও ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করেনি, সঠিক সময়ে সমাপ্ত না করা, নির্দিষ্ট দূরত্ব থেকে মাটি না আনা, ঠিকভাবে দুরমুজ না করে যেনতেন ভাবে কাজ সম্পন্ন করার ফলে সামান্য ঢলেই বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে।
বক্তাগণ আরও বলেন শুধু বাঁধ নির্মাণ করলে স্থায়ী সমাধান হবে না,এজন্য নদী খনন করতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্থ কৃষকের ফসলের ক্ষতিপূরণ প্রদান, অনিয়ম দুর্নীতির সাথে যুক্তদের বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান।