ডেস্ক রিপোর্ট
৬ এপ্রিল ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাস কূপসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশ যাত্রীবাহী বাস জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস কূপসংলগ্ন এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করে একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সামনে এসে পড়ে। এ সময় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের ধাক্কা খেয়ে ইজিবাইকের ওপর গিয়ে পড়ে। এদিকে বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, এক শিশুসহ তিনজন মারা গেছেন। এদের মধ্যে দু’জন মোটরসাইকেল আরোহী। নিহত শিশুটি ইজিবাইকের যাত্রী ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।