ডেস্ক রিপোর্ট
৫ এপ্রিল ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দিশেহারা। এদিকে গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে চলছে হাহাকার। আর অবৈধ আওয়ামী লীগ সরকার উৎসবে মেতে উঠেছে। জনগণের টাকায় ফূর্তি করছে। লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। বেগমপাড়া তৈরি করছে।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এই সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, পানি সমস্যার কারণে মানুষ হাহাকার করছে। রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলতে কোনো জুড়ি নেই। তারা গণবিরোধী সরকার বলেই মিথ্যার আশ্রয় নেয়, অসত্যের আশ্রয় নেয়, গুম খুন গুপ্তহত্যার আশ্রয় নেয়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার উৎসবে মেতে উঠেছে। বাইরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। আর দেশের জনগণ আধা বেলা খাচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে, তার কোনো খোঁজ তারা রাখে না। এদিকে দৃষ্টি না দেওয়ার কারণে দেশে দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।