ডেস্ক রিপোর্ট
২১ মার্চ ২০২২, ৭:৩১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার জন্য ভালো জায়গা জেরুজালেম। তার মতে, শান্তির জন্য সঠিক জায়গা এটি।
জেলেনস্কি বলেন, ইসরায়েল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের শান্তি আলোচনার জন্য বৈঠক করতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে আমার পরামর্শ রয়েছে, জেরুজালেম এই আলোচনার জন্য ভালো জায়গা হতে পারে।
রোববার এক ভিডিও বার্তায় এ কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর আগে রোববার ভিডিও কলের মাধ্যমে ইসরায়ের পার্লামেন্টে বক্তব্য দেন তিনি।
জেলেনস্কি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিয়েভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছেন।
তিনি বলেন, অবশ্যই এখানে ইসরায়েলের স্বার্থ আছে, তার নাগরিকদের রক্ষা করার কৌশল আছে। আমরা সবই বুঝি।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী, নাফতালি বেনেট আলোচনার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা এর জন্য কৃতজ্ঞ। আমরা তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। খুব শিগগির বা কয়েকদিন পরে আমরা সম্ভবত জেরুজালেমে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব।
তখন আবারও বলেন, যদি সম্ভব হয় শান্তি খোঁজার জন্য এটাই সঠিক জায়গা।
এদিকে গত সপ্তাহ ধরে দুই পক্ষকে একত্রিত করার জন্য জোরালোভাবে চেষ্টা চালাচ্ছেন নাফতালি বেনেট। জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছেন এ বিষয়ে। এ নিয়ে তিনি ক্রেমলিনে নেতার সঙ্গে দেখা করতে গোপনে মস্কোতেও গিয়েছিলেন।