ডেস্ক রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ৫:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে আগামী ২৮ মার্চের হরতালে বাংলাদেশ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সমর্থন জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ শুধুমাত্র মৌখিক সমর্থন নয়, হরতাল সফল করতে রাজপথেও তাদের অবস্থান থাকবে।
বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের এক সভা বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শামীম ইমাম, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক আবু হাসান টিপু, শ্রমজীবি সংঘের সভাপতি আব্দুল আলী, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলীফ দেওয়ান, শ্রমজীবি আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হারুন অর রশিদ ভঁুইয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য বিধান দাস।
সভায় বিশিষ্ট শ্রমিক নেতা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমজীবি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুবল সরকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী ১৮ মার্চ শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত শোক সভায় সকল শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া আগামী ১ এপ্রিলের মধ্যে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পক্ষ থেকেও শোক সভা পালন করা হবে।
সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী ২৮ মার্চ দ্রব্যমূল্য রোধে বাম জোট আহুত হরতালে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ শুধুমাত্র মৌখিক সমর্থন নয়, হরতাল সফল করতে রাজপথেও তাদের অবস্থান থাকবে।