ডেস্ক রিপোর্ট
৮ মার্চ ২০২২, ১০:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আজ ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে। নারী শ্রমিকদের সম অধিকার আদায়ের ধারাবাহিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ এই দিবসকে উপলক্ষ্য করে নগরীর বন্দরবাজারে আজ শোষণ ও বৈষম্য বিরোধী সমাবেশ আয়োজন করে।
সিলেট জেলার আহবায়ক মনীষা ওয়াহিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক পাপ্পু সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাশরুখ জলিল, রাহাত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পুরুষতন্ত্র সমূলে উৎপাটন না হলে কোনো দেশ বা জাতি অগ্রসর হতে পারবে না। আমাদের দেশে নারীরা সর্বক্ষেত্রে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হয়ে থাকেন। এই নিপীড়ন শুধুমাত্র ব্যক্তিপর্যায়ে সীমাবদ্ধ না, বরঞ্চ প্রাতিষ্ঠানিক নিপীড়নে পরিণত হয়েছে। অবিলম্বে সকল ধরণের নিপীড়নের অবসান ঘটিয়ে সর্বক্ষেত্রে নারীর সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সভাপতির বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন, সমান মেধা ও শ্রম ব্যয় করেও নারীরা সমান মজুরি তো পানই না, উপরন্তু কর্মক্ষেত্রে অনিরাপত্তায় ভোগেন। নারী স্বাস্থ্য, বিশেষ করে শ্রমজীবী নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারিভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেই। পাহাড় থেকে শুরু করে ক্যান্টনমেন্ট পর্যন্ত সব জায়গায় ধর্ষিত হচ্ছে নারীরা আর সেই ধর্ষণের বিচারের জন্য মধ্যযুগীয় আইনের আশ্রয় নিতে হচ্ছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অবিলম্বে সকল শোষণ-বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠার দাবি জানায়।