ডেস্ক রিপোর্ট
৭ মার্চ ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: সিলেটে পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া বিমানের ফ্লাইটটি অবশেষে ২৫ ঘণ্টা পর উড্ডয়ন করেছে।
সোমবার বেলা ১১টা ২৪ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে সিলেটের ওসমানী বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।
আগের দিন রোববার সকাল ১০টায় ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর ছাড়ার কথা ছিল। তবে পাখির সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বিমানের বিজি-২০১ এয়ারক্রাফটের ইঞ্জিন। পরে ফ্লাইটটি বাতিল করা হয়। এতে বিপাকে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ জন যাত্রী।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বেলা সাড়ে ১১টার একটু আগে ফ্লাইটটি বিমানবন্দর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাতেই বিমানের বিকল্প এয়ারক্রাফট সিলেটে এসেছিল। কিন্তু তখন হিথরো বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জায়গা খালি পাওয়া যায়নি। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়। আর যাত্রীদের মধ্যে যারা বাসায় যেতে চান তারা বাসায় ফিরে যান, বাকিদের হোটেলে রাখা হয়। আজ হিথরো বিমানবন্দরের ল্যান্ডিং স্পেস পাওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি উড্ডয়ন করে।
বিমানবন্দর ব্যবস্থাপক বলেন, সিলেট থেকে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় হিথরো থেকে ফিরতি ফ্লাইটও নির্ধারিত সময়ে আসতে পারবে না। আসতে একদিন দেরি হতে পারে।
ইঞ্জিন বিকল হওয়া এয়ারক্রাফটটি মেরামত করে সকালে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, রোববার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইট লন্ডন যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে থাকে এয়ারক্রাফটটি।