ডেস্ক রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২২, ৭:২৯ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গে বিশ্ব বাণিজ্য সম্মেলনের আগে শিল্প বৈঠকে মুখ্যসচিব

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: মহামারির কারণে গত দুই বছর স্থগিত থাকার পর এবছর পশ্চিমবঙ্গে ফের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী ২০-২১ এপ্রিল এই দুইদিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুমোদন সাপেক্ষে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনক্ষণ ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী। তাই রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হচ্ছে। এজন্য একটি নির্দিষ্ট কমিটিও তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব ওই কমিটিতে রয়েছেন।

পাশাপাশি রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এই উদ্যোগে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সামিল হতে অনুরোধ করা হয়।

এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের উত্তরাঞ্চলে সফর করছেন। তার এ সফরকালে সেখানে শিল্প নিয়ে বৈঠক হবে। আগামীকাল শিলিগুড়িতেই এই বৈঠক করবেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী।

জানা গেছে, উত্তরবঙ্গের ছয় জেলার বণিকসভার কাছে তুলে ধরা হবে রাজ্যের উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা। ৮ জন সচিব নিয়েই শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, হর্টিকালচার থেকে শুরু করে টেক্সটাইলসসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে।

শেয়ার করুন