ডেস্ক রিপোর্ট
৮ ফেব্রুয়ারি ২০২২, ৮:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ইউক্রেনের কাছে নতুন কোন সামরিক কর্মকাণ্ড শুরু করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, ফ্রান্সের পক্ষ থেকে এমন দাবি জানানো হলেও সেই দাবিতে পানি ঢেলে দিল ক্রেমলিন।
উত্তেজনা নিরসনে ইউক্রেনের কাছে আপাতত নতুন কোন সামরিক কর্মকাণ্ড শুরু করবে না রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানায় ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোন। নাম প্রকাশ না করার শর্তে ফ্রান্সের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, বেলারুশে থাকা সেনাদের মহড়ার পরপরই ফেরত নিতে রাজি হয়েছেন পুতিন।
তবে, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে না—এমন কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
ক্রেমলিনের মুখোপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন সীমান্তে নতুন কোন সামরিক কর্মকাণ্ড শুরু করবে না রাশিয়া, ফ্রান্সের এমন দাবি সঠিক নয়। এমনকি বেলারুশে থাকা রাশিয়ার সেনাদের কবে নাগাদ সড়িয়ে নেয়া হবে, বা আদৌ সড়িয়ে নেয়া হবে কিনা সে বিষয়ে কোনো কথা হয়নি পুতিনের। যদিও বেলারুশে সামরিক মহড়া শেষে তারা রাশিয়ায় ফিরে আসবে বলে আমরা আশা করছি। কিন্তু সেখানে তারা অবস্থান করবে এমন কোনো কথা বলা হয়নি।
এর আগে, গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোনের মধ্যে বৈঠক হয়। এই বৈঠকের পর মঙ্গলবার ম্যাক্রোন এই দাবি করেন। এদিকে, এরপর রাশিয়া থেকে ইউক্রেনে রওনা দেন ম্যাক্রোন। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় যখন উত্তপ্ত পুরো বিশ্ব, তখন এই সংকট নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা দেশগুলো তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই মস্কো তার প্রতিবেশী দেশ ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। তবে, ইউক্রেনে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সকল অভিযোগ বারবার অস্বীকার করে আসছে রাশিয়া।