ডেস্ক রিপোর্ট

৫ ফেব্রুয়ারি ২০২২, ৯:১৮ অপরাহ্ণ

ছেলেকে নিয়ে পূজা করলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৫, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব সরস্বতী পূজা আজ। আনন্দচিত্তে সনাতন ধর্মের মানুষজন সরস্বতী দেবীর পূজা করেছেন। বাদ যাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। তিনিও পূজা দিয়েছেন।

পূজা করার মুহূর্তে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট দেন অপু। তাতে দেখা গেল, একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা করছেন নায়িকা। এ সময় অপুর পরনে ছিল হলুদ শাড়ি, আর জয়কে পরিয়েছেন পাঞ্জাবীর ওপর কোট।

জানা গেছে, বগুড়ায় অপু বিশ্বাসের গ্রামের বাড়িতে এই পূজা হয়েছে। সেখানে তাদের পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও অপুদের বাড়ির পূজায় গিয়েছিলেন।

দেশের শীর্ষ জনপ্রিয় নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়। তারা বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। এরপর প্রকাশ করেন বিস্তারিত ঘটনা।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে শাকিব-অপুর সন্তান জয়। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে অপুর কাছেই থাকে জয়। তাই স্বাভাবিকভাবেই মায়ের ধর্ম ও উৎসবে থাকে জয়ের অংশগ্রহণ।

এদিকে ছেলে জয়কে নিয়ে পূজা করায় অনেকেই অপু বিশ্বাসের ফেসবুক পেজে সমালোচনা করছেন। নাজমুল হক নামের এক ব্যক্তি প্রশ্ন করেছেন, ‘ছেলে হিন্দু নাকি মুসলমান কোনটা হচ্ছে?’ শফিকুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এই ছবিগুলো দেখে মনের মধ্যে অনেক কষ্ট লাগল। ছেলেটাকে হিন্দু ধর্মে নিয়ে যাচ্ছে’।

অবশ্য কেউ কেউ পূজার দিনে অপু ও তার পরিবারের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। তবে সমালোচনা কিংবা প্রশংসা, ফেসবুকের মন্তব্য নিয়ে কখনোই মাথা ঘামান না অপু।

শেয়ার করুন