ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২২, ১১:১২ অপরাহ্ণ

সাগরিকায় তামিমের রাজকীয় সেঞ্চুরি

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিজের হোম গ্রাউন্ডে জ্বলে উঠলেন তামিম ইকবাল। দাপুটে ব্যাটিংয়ে তুলে নিলেন রাজকীয় এক সেঞ্চুরি।

বিপিএলে শুক্রবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৬১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন বাঁহাতি ওপেনার। সব ধরনের টি-টোয়েন্টিতে তামিমের যা চতুর্থ সেঞ্চুরি।

শেষ পর্যন্ত তামিম ৬৪ বলে অপরাজিত ১১১ রান করেন, হাঁকান আরো একটি করে চার ও ছক্কা। সুবাদে ১৭৬ রান তাড়া করতে নামা ঢাকা ৩ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয়।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। একদিন আগেই যিনি জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতির কথা। ‘যদি তাকে প্রয়োজন পড়ে’ তখন ফেরার কথা ভাববেন উল্লেখ করে এও বলেন, ‘আশা করি আমার আর প্রয়োজন পড়বে না’।

তামিমের কথায় অভিমান ছিল স্পষ্ট। এমন কথা বলার ঠিক পরের দিনই নান্দনিক এক সেঞ্চুরি উপহার দিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটিতে লক্ষ্য তাড়া করতে নামা ঢাকার দুই ওপেনার তামিম ও মোহাম্মদ শাহজাদ তুলোধুনো করেন প্রতিপক্ষের বোলারদের। উদ্বোধনী জুটিতে দুজন ১৭৩ রান যোগ করেন। বিপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

সবার ওপরে শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের ২০১৩ সালে করা অবিচ্ছিন্ন ১৯৭ রান।

তামিমের তুলনায় কম স্ট্রাইক পেয়েছেন শাহজাদ। তবে তার ব্যাটও ছিল খাপ খোলা তলোয়ার। ৩৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।

এর আগে সিটেলের হয়ে সেঞ্চুরি হাঁকান লেন্ডল সিমন্স। ৬৫ বলে ১১৬ রান করেন ১৪ চার ও ৫ ছক্কায়। তবে তামিম-শাহজাদের দাপটে ম্যাচ শেষে হাসতে পারেননি এই ক্যারিবিয়ান।

শেয়ার করুন