ডেস্ক রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১২:১৯ পূর্বাহ্ণ
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলছে শিক্ষার্থীদের টানা আন্দোলন। ক্যাম্পাসে এ উত্তেজনার মধ্যেই নতুন একটি ঘটনা চাঞ্চল্যের জন্ম দিল।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ফেনসিডিল সরবরাহ করতে গিয়ে আটক হয়েছেন জাহিদুর রহমান নামে এক নিরাপত্তাকর্মী।
সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন টিচার্স ডরমেটরিতে ওই শিক্ষককে ফেনসিডিল দিতে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে হাতে-নাতে আটক করেন।
শিক্ষার্থীরা ছবি দেখালে আটক নিরাপত্তাকর্মী নিশ্চিত করেন ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার। নিরাপত্তাকর্মীর দেওয়া বর্ণনাও ওই শিক্ষকের সঙ্গে মিলে গেছে।

চলমান আন্দোলনে বহিরাগতদের প্রবেশ রুখতে আন্দোলনকারীদের একটা দল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছে। সেখানে পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছে। জাহিদুর রহমানের নামের ওই গার্ডের হাতের প্যাকেট দেখে সন্দেহ হলে তারা পুলিশের সহায়তায় খুলে দেখে নিশ্চিত হয় ওটা ফেন্সিডিল।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেছেন, জাহিদুর রহমান নামে এক সিকিউরিটি গার্ডকে ফেন্সিডিলসহ শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে দিয়েছে। ওই গার্ড জানিয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জন্য ফেন্সিডিল আনতে গিয়েছিলো।
এ ব্যাপারে অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদারের বক্তব্য জানা যায়নি। তার ফোন বন্ধ পাওয়া গেছে।