ডেস্ক রিপোর্ট

২৩ জানুয়ারি ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক চলছে

আপডেট টাইম : জানুয়ারি ২৩, ২০২২ ১:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ মহানগর নেতারা ওই ভার্চ্যুয়াল বৈঠকে উপস্থিত আছেন। শনিবার রাত সাড়ে ১২টার পর বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া ভবনে এ বৈঠক শুরু হয়। ভার্চুয়াল আলোচনায় আমরণ অনশনে বসা শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব ও কাজল দাসও রয়েছেন।

এর আগে ঢাকায় শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এরপর তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা অনশন করছে। আমরা চাই তারা অনশন ভেঙে, আলোচনায় বসুক। ক্যাম্পাসে কোন ঘটনার পরে কি ঘটেছে, সেগুলো শিক্ষকেরা জানিয়েছেন। একদিকে যেমন শিক্ষার্থীরা পুলিশের হামলায় আহত হয়েছেন। অন্যদিকে শিক্ষকরাও লাঞ্ছিত হয়েছেন। এটি আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। তাদের কোনো সমস্যা থাকলে সেটি অবশ্যই আলোচনা করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের কাছে কোনো অসংগত আচরণ কাম্য বলে মনে করি না।

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ক্যাম্পাসের সব ঘটনা শুনলাম। শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানাই। তারা অনশন অবস্থায় যদি আলোচনায় বসতে চায়। তবে, বসুক। আলোচনা করতে হবে।

শেয়ার করুন