ডেস্ক রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ১৫ জানুয়ারি সন্ধ্যায় অতর্কিত হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের হামলায় দমে না গিয়ে বরং আগের দাবির সাথে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি নিয়ে আজ, ১৬ জানুয়ারি সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অকুতোভয় অবস্থানে ফ্যাসিবাদী, সংখ্যালঘু ছাত্রলীগ পিছু হটলেও আজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। তাতেও, মুক্তিকামী ছাত্ররা তাদের অবস্থান ও দাবি থেকে সরে না গেলে রাবার-বুলেট, টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়ে হাসিনার পেটুয়া বাহিনী। পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত ৪০ জন শিক্ষার্থী ।
শাবিপ্রবি প্রশাসনলীগের প্রত্যক্ষ নির্দেশে আজকের পুলিশী হামলা ও গতকাল ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক হামলা সংঘটিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা শাবিপ্রবি প্রশাসনের প্রতি ধিক্কার জানাই এবং বিপ্লবী সালাম জানাই মুক্তিকামী, প্রতিবাদী শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের উপর প্রথমে ছাত্রলীগ তারপর পুলিশ লীগকে লেলিয়ে দিয়ে তাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছে শাবিপ্রবি প্রশাসন। আজকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশেরই একটি ছোট প্রতিচ্ছবি৷ ফ্যাসিবাদের এই জামানায় আমাদের এই হামলাগুলোকে প্রতিহত করে লড়াইকে বিজয়ে নিয়ে যেতে হবে।”
নেতৃবৃন্দ আরো বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন স্তরে যারা বসে আছেন, তাদের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে সরকারের আজ্ঞাবহতা প্রদর্শন এবং নিজেদের পকেট ভারী করা। শিক্ষার্থীদের দাবি-দাওয়া, অধিকার, সুযোগ-সুবিধার ব্যাপারে মনোযোগী হওয়ার ন্যুনতম সময় তাদের নেই। আমরা মনে করি, শিক্ষার্থীদের যুথবদ্ধতায় ভীত হয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তিপূর্ণ আন্দোলনে প্রথমে ছাত্রলীগ এবং পরবর্তীতে পুলিশকে লেলিয়ে দিয়েছে।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।