ডেস্ক রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১০:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা অসিত বরণ বিশ্বাস হ্যাটট্রিক জয় পেয়েছেন। ফুলের ঝুড়ি প্রতীক নিয়ে বাসদ মনোনীত প্রার্থী অসিত বরণ বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম রকি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯০৯ ভোট। রকি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাদের ভোটের পার্থক্য ১ হাজার ৪৭৩টি। ফলে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জয় পেলেন অসিত বরণ বিশ্বাস।

রোববার রাতে ভোট গণনা শেষে ১৫ নং ওয়ার্ডে ৪ টি কেন্দ্র থেকে আসা প্রাথমিক তথ্যে সিটি নির্বাচনে এই ওয়ার্ডে কাউন্সিলার পদের এ ফল নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সংবাদকর্মীদের ভোটের এ ফল জানিয়েছেন।
বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রোববার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি।

গত বছরের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে ২০১১ ও ২০১৬ সালে পরপর দুইবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস।