ডেস্ক রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনা ভাইরাসজনিত মহামারি ওমিক্রনে জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে আজ ১৬ জানুয়ারী’২২ ইং, রবিবার সীমিত পরিসরে সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। সকাল ১০ টায় ‘জাতীয় শহীদ মিনার’ এ ভাষা আন্দোলন,স্বাধীনতা সংগ্রাম ও সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, সাবেক ছাত্র নেতা সত্যজিৎ বিশ্বাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সদস্য রাবেয়া কণিকা, মহিদুল ইসলাম দাউদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই চরম অন্ধকার সময়ে নতুন দিনের স্বপ্ন নিয়ে যারা রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন তাদের সাহস হবে সীমাহীন,তেজ অসীম ঐক্য হবে দৃঢ়, জ্ঞাণ হবে অবারিত। একদিকে চরম স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট শাসনব্যবস্থা অন্যদিকে শাসন টিকিয়ে রাখার স্বার্থে পরিকল্পিতভাবে শিক্ষার সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্রদের লড়াই কার্যত গোটা সমাজব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ের পরিপূরক। সেই লড়াইকে বেগবান করতে শিক্ষা সাম্য শোষণমুক্তির বার্তা নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল প্রতিষ্ঠা লগ্ন থেকেই, গোটা দেশে শিক্ষা আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করছে। আবার রাষ্ট্রের সকল শোষণমূলক নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট বক্তব্যের ভিত্তিতে শোষিত মেহনতি মানুষের লড়াইয়ের সাথী হয়ে গণ আন্দোলন ও শ্রেণী আন্দোলনের যোগসূত্র স্থাপন করতে চায়।
বক্তারা আরোও বলেন , করোনা মহামারীতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা স্মরণকালের সবচেয়ে সংকটময় পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যেও শিক্ষাক্ষেত্রে আগ্রাসী শিক্ষা বাণিজ্য ও চরম অগণতান্ত্রিক পরিবেশ শিক্ষার্থীদের প্রতিনিয়ত আন্দোলনে নামতে বাধ্য করছে। স্বাধীনতার ৫০ বছরেও এদেশে শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি সেই সংকটকে আরো প্রকটভাবে সামনে নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষার জাতীয়করণের বিকল্প নেই।
আলোচনাসভায় শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও অথর্ব প্রশাসনের পদত্যাগের দাবি জানানো হয়৷ সভায় পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। আলোচনা শেষে থিয়েটার ৫২ এর নাটক . মূকাভিনয়, নৃত্য,আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করা হয়।