ডেস্ক রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১১:১৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণ আকাশচুম্বী হলেও হাসপাতালে ভর্তির হার কম। ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটিতে হাসপাতালে ভর্তির হার ৫ থেকে ১০ শতাংশ।
যেখানে গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় হাসপাতালে ভর্তির হার ছিল ২০ থেকে ৩০। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
তবে সোমবার দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক লাখ ৭৯ হাজার মানুষ। অথচ দশদিন আগেও দেশটিতে করোনায় আক্রান্তের গড় সংখ্যা ছিল ১০ থেকে ১৫ হাজার।
এছাড়াও, দ্রুতই করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সরকার। আইসিইউ বেড, অক্সিজেন বেড এবং ভেন্টিলেটরের সংকট এড়াতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের সংকট এড়াতে জুনিয়র ডাক্তার, নার্স এবং মেডিক্যাল শিক্ষার্থীদের প্রস্তুত রাখা হচ্ছে।
এদিকে, করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক টুইট বার্তায় তিনি একথা জানান। তবে তার মৃদু উপসর্গ রয়েছে। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান রাজনাথ সিং।
অন্যদিকে, রেকর্ড সংক্রমণের মুখে অন্ধ্র প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এছাড়া আজ থেকে ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইন কর্মীদের বুস্টার ডোজ দেয়া শুরু করেছে ভারত।
ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি ৮০ লাখ ৫২ হাজার ১২৭ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৭ হাজার ৩৮৭ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ২৩১ জনে।