ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২২, ২:০৬ অপরাহ্ণ

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন পরীমণি

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাদকের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগ গঠন শুনানি শেষে তিন এ দাবি করেন।

এ দিন সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন চিত্রনায়িকা পরীমণি। এরপর তার আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পরীমণিকে প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ গঠন করা হচ্ছে। আপনি দোষী না নির্দোষ? এ সময় পরীমণি বললেন, আমি নির্দোষ।

এরপর বিচারক পরীমণিকে প্রশ্ন করেন, আপনার গাড়ি দিয়ে মাদক সরবরাহ করা হয়েছে, এতে আপনার বক্তব্য কী? এ সময় পরীমণি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এরপর সাক্ষ্যগ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুই দিন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় মোট পরীমণিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

শেয়ার করুন