ডেস্ক রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১০:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়াকে খুঁজছে এলিট ফোর্স র্যাব। দেশে বা বিদেশে যেখানেই গা-ঢাকা দিক না কেন, তাকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলে র্যাব জানায়।
বুধবার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা ও আসামিদের গ্রেপ্তার র্যাবই প্রথম কাজ শুরু করে। এ ঘটনায় আসামিদের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করেছে। মেজর জিয়ার খোঁজ করতে বিভিন্নভাবে কাজ করছে র্যাব। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়। সংগঠনটির সঙ্গে মেজর জিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর সূত্র ধরেও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি বলেন, এর আগে বিভিন্ন সময় তথ্য ছিল মেজর জিয়া দেশে আছে, পরবর্তীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। আমাদের সন্দেহ, সে এখন দেশের বাইরে রয়েছে। তার বিষয়ে অভিযান ও গোয়েন্দা নজরদারি চলমান আছে। এমনকি সে দেশের বাইরে থাকলেও খুঁজে বের করে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে।
গোয়েন্দা নজরদারি রয়েছে, দেশে থাকলে খোঁজ পাওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। ওই বছরের ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় ২৮ জন সাক্ষকে বিভিন্ন সময়ে আদালতে হাজির করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অভিজিৎ হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন, মেজর (বরখাস্ত হওয়া) সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ও আরাফাত রহমান ওরফে সিয়াম। তাদের মধ্যে জিয়াউল ও আকরাম পলাতক। এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি শফিউর রহমান ফারাবী আছেন কারাগারে।
মঙ্গলবার মানিকগঞ্জের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন, জিয়াউল হক এখন দেশে নেই। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, তারা (জিয়া ও আকরাম) দেশে নেই। তারা অন্য দেশে গা-ঢাকা দিয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ধরে এনে রায় কার্যকর করা হবে। এজন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র জিয়াউল হক জিয়া ও আকরামের সন্ধান চেয়ে গত রবিবার ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে।