ডেস্ক রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ৭:০১ অপরাহ্ণ
বরগুনা প্রতিনিধি:: বঙ্গোপসাগরে পাথরঘাটার জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের বিষখালী ও বলেশ্বর মোহনায় এফবি সিমা-২ নামে মাছধরা ট্রলার থেকে পড়ে গিয়ে শাহিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে।
তাকে উদ্ধারে জেলা মালিক সমিতির পক্ষ থেকে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিখোঁজ শাহিন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা জেলে পল্লীর আব্দুস সোমেদ মিয়ার ছেলে।
এফবি সিমা-২ ট্রলারের মালিক আনসার খাঁন জানান, গত বৃহস্পতিবার ভোররাতে তুফানের তোড়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় জেলে শাহিন। এরপর থেকে তার খোঁজ মেলেনি। এর আগে গত ৮ ডিসেম্বর ট্রলারের মাঝি জাকিরের নেতৃত্বে পাথরঘাটা ঘাট থেকে ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরার জন্য যায় ট্রলারটি।
শুক্রবার সকালে পাথরঘাটা থেকে তিনটি ট্রলার নিখোঁজ শাহিনের অনুসন্ধানে বঙ্গোপসাগরে পাঠায় জেলা ট্রলার মালিক সমিতি। কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ জানান, নিখোঁজ জেলের খোঁজে উদ্ধার অভিযান চলছে।