ডেস্ক রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে পারিবারিক নির্যাতনে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এলমা চৌধুরী মেঘলা নামে এই তরুণী মঙ্গলবার রাতে নিহত হন। তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বুধবার বাদী হয়ে রাজধানীর বনানী থানায় এ হত্যা মামলা করেন।
মামলায় ইলমার স্বামী ইফতেখার আবেদীন, তার মা শিরিন আমিন ও ইফতেখারের পালক বাবা মো. আমিনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি তরুণীর স্বামীকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়ে সাতদিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছে।
নিহত তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ জানিয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেঘলার পরিবারের তরফ থেকে পুলিশকে খবর দিলে তারা ইউনাইটেড হাসপাতালে যান।
বনানীতে মেঘলার শ্বশুরবাড়ি থেকে সন্ধ্যায় তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানকার চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই মেঘলার মৃত্যু হয়।
এরপরই পরিবার থেকে পুলিশে ফোন করা হয়।
পুলিশ গিয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
পুলিশের সুরতহালে বলা হয়েছে মৃতদেহে আঘাতের অনেক চিহ্ন ছিল।
মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষক-সহপাঠীদের বিক্ষোভ:
মেঘলার সহপাঠী এবং বিয়ের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে হলে তিনি আবাসিক শিক্ষার্থী ছিলেন, সেই সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে অভিযোগ করে পোস্ট দিয়েছেন মেঘলাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত।
হত্যার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।