ডেস্ক রিপোর্ট
৫ ডিসেম্বর ২০২১, ৭:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: হাফ ভাড়া বাস্তবায়ন ও নিরাপদ সড়ক নিশ্চিত আন্দোলন নিয়ে সরকার ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন প্রগতিশীল ছাত্র জোট নেতৃবৃন্দ।
প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার এক যুক্ত বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সর্বচ্চো দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ আন্দোলনকারীদের নামে কুৎসা রটাতে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তা লজ্জাজনক। আন্দোলনকারীদের হুমকি ধামকি দেওয়া, তাদের নামে সংঘবদ্ধ গুজব রটানো, কুৎসিত নোংরা মন্তব্য করে সামাজিক ও মানসিকভাবে হেনস্তা করা, এর কোনটাই তারা বাদ রাখেন নি। অথচ যে দাবি নিজেরা মৌখিক ভাবে মেনে নিয়েছেন, সে দাবি বাস্তবায়নে তাদের ভূমিকা গত দুই বছরে শূন্যের কোটায়। এবারও আন্দোলনের চাপে তারা নানা শর্ত জুড়ে দিয়ে হাফ ভাড়া প্রণয়নের কথা বলছেন। এটা আসলে ছলচাতুরি ছাড়া কিছুই নয়। সারাদেশে সারা বছর সকল ধরণের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঘোষণা দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
ছাত্র জোট নেতৃবৃন্দ আরও বলেন, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের উত্থাপিত দাবি সম্পূর্ণ যৌক্তিক, এই কথা সরকার পক্ষ স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু তার বাস্তবায়ন চাইতে যখন শিক্ষার্থীরা রাস্তায় নামছেন, তখনই তারা দাবির কথা ভুলে গিয়ে আন্দোলনে গায়ের জোর দেখাতে আসেন। এমনকি তারা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে নিয়েও নোংরা মন্তব্য করতে পিছপা হন না। ইতিপূর্বেও ২০১৮ সালে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেয় তাদের পেটোয়া বাহিনী ছাত্রলীগকে।
চক্রান্ত ও মিথ্যাচার করে আন্দোলন দমানো যায় না বলে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ সরকারকে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।