ডেস্ক রিপোর্ট

২ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হলো সৌদি আরবে

আপডেট টাইম : ডিসেম্বর ২, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রথম শনাক্ত হয়েছে সৌদি আরবে। উত্তর আফ্রিকা থেকে ফেরা সৌদি আরবের এক নাগরিকের শরীরে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে এসপিএ জানান, সৌদি আরবে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়েছে। উত্তর আফ্রিকার একটি দেশ থেকে আসা একজন নাগরিকের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে। এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়া প্রথম ঘটনা। শনাক্ত ব্যক্তি একজন সৌদি নাগরিক এবং সম্প্রতি উত্তর আফ্রিকার একটি দেশ ভ্রমণ করেছিলেন।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৩৬ জন। প্রায় সাড়ে তিন কোটি মানুষের এই দেশটিতে ৪ কোটি ৭০ লাখের বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেন, ‘ব্যাপকভাবে পরিবর্তিত ওমিক্রন ভ্যারিয়েন্টটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এর সংক্রমণ বৃদ্ধির উচ্চ ঝুঁকিতে থাকা স্থানগুলোর ‘গুরুতর পরিণতি’ হতে পারে।’

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির নাগরিকদের টিকা সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ভ্রমণকারীদের কোয়ারেন্টিন এবং নমুনা পরীক্ষার নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছেন।

গত ২৪শে নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর এক ডজনেরও বেশি দেশে ওমিক্রন পাওয়া গেছে। ইতোমধ্যে এসব সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে।

করোনার নতুন এই ধরনের বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীরা রীতিমতো প্রতিযোগিতা করছেন। এই ভ্যারিয়েন্ট আবিষ্কার হওয়ার পর বিশ্বের অন্তত ৭০টি দেশ আফ্রিকার কয়েকটি দেশ ও অঞ্চলের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

শেয়ার করুন