ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ৪:৩২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশব্যাপী চলমান নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে আন্দোলনে ঢাকায় বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও চট্টগ্রামে পুলিশি হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে আন্দোলন থেকে আটক ছাত্র ফ্রন্ট নেতা মিরাজ উদ্দিন ও ছাত্র ফেডারেশন নেতা সাইফুর রুদ্র’র মুক্তি দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ পাস আমাদের দেশে তো বটেই, সারা পৃথিবীতেই একটি স্বীকৃত অধিকার। সেই অধিকারের জন্য শিক্ষার্থীদেরকে রাস্তায় নেমে মার খেতে হচ্ছে, এই বর্বরতার তীব্র ধিক্কার জানাই আমরা। একদিকে গ্যাস, ডিজেলের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে জনজীবনে এক ভয়াবহ দূর্ভোগ নামিয়ে এনেছে এই সরকার, এখন শিক্ষার্থীরা আন্দোলনে নামলে বরাবরের মতই লেলিয়ে দিচ্ছে তার লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে। অতীতেও ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে যেমন আমরা দেখেছি, এই আন্দোলনেও ছাত্রলীগ ঢাকায় সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, আজ নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রাম শহরে ২ নং গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করলে সেখানে পুলিশ নির্মম ভাবে হামলা চালায় এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম শাখার যুগ্ন আহ্বায়ক সাইফুর রুদ্র সহ ৪ জনকে আটক করে নিয়ে যায়। আমরা এই হামলা ও আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।
নেতৃবৃন্দ বলেন, যৌক্তিক আন্দোলনকে গায়ের জোর দিয়ে দমন করা যায় না। এতে আন্দোলন আরও বৃহৎ রূপ ধারণ করে। সেই নজির বাংলাদেশের ছাত্র সমাজ ঐতিহাসিকভাবেই দেখিয়েছে। সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সময় থাকতে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন বন্ধ করে তাদের দাবি কার্যকরের ব্যাপারে সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করুন।