ডেস্ক রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: যারা ইতিমধ্যেই কভিডের পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ‘তাদের অবস্থা স্থিতিশীল রাখার জন্য’ বুস্টার শট নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। মার্কিনিদের রবিবার এই আহ্বান জানিয়েছেন তিনি।
সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুসারে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৯.৬ কোটি সম্পূর্ণ টিকাপ্রাপ্তের মধ্যে ৩.৪৫ কোটি বুস্টার শট নিয়েছে। তবে এখনো করোনা টিকাহীন রয়ে গেছে প্রায় ৬ কোটি মানুষ।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এবং সংক্রামক রোগের পরিচালক এবং প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্টনি ফাউচি টিভি চ্যানেল এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, “বুস্টার শটের প্রয়োজনীয়তা সম্পর্কে ‘স্বচ্ছতার কোন অভাব নেই’। কারণ সময়ের সঙ্গে সঙ্গে প্রথম দেওয়া শটগুলোর কার্যকারিতা কমে আসতে শুরু করে।”
আরও বলেন, বুস্টার শট মানুষকে ‘দীর্ঘমেয়াদি সুরক্ষা’ দেয়। যদিও এটি স্পষ্ট নয় যে, যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের ভবিষ্যতে প্রতি ছয় মাস বা এক বছর অন্তর বুস্টার শটের প্রয়োজন হতে পারে কিনা।
যুক্তরাষ্ট্রে ১৮ বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকের জন্য করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন বিষয়ে শুক্রবার সিডিসি’র একটি উপদেষ্টা প্যানেল সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন ৯০ হাজারেরও বেশি নতুন কেস রেকর্ড করাসহ যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা আবার বাড়ছে।
ফাউচি বলছেন, এই বৃদ্ধি অপ্রত্যাশিত ছিল না, কারণ শীতের মাসগুলোতে তাপমাত্রা আরও নিচে নেমে যায় এবং আরও বেশি মানুষ তাদের ঘরের ভেতরে আবদ্ধ থাকে।
তবে এও বলেন, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত পরিবার ও তাদের বন্ধুরা এই বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং ডে ডিনার উদ্যাপনের জন্য নিরাপদে একত্রিত হতে পারে এবং তাদের মাস্ক পরতে হবে না।