ডেস্ক রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: পটুয়াখালী সরকারী কলেজের ছাত্রাবাসের মেঝেতে সৃষ্টি হওয়া ধসে প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে এগারোটায় তিনতলা ওই ভবনের নিচতলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ছাত্রাবাস ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে আবাসিক ছাত্ররা। তিনতলা ওই ছাত্রাবাস ভবনটি ২০০৮ সালে নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রাত এগারোটার দিকে ওই ভবনের নিচতলার ১০৮ নম্বর কক্ষে ছাত্রাবাসের আসন বণ্টন নিয়ে বৈঠক হয়। পরে বৈঠক শেষে ৩০ থেকে ৩৫ জন ছাত্র বারান্দায় বের হয়। এ সময় হঠাৎ পাকা মেঝে দেবে নিচে ধসে পড়ে মুহূর্তেই প্রায় ৫ ফুট গভীর খাদ সৃষ্টি হয়। এ সময় অধিকাংশ শিক্ষার্থী সৃষ্ট খাদে পড়ে যায়। তাদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজ হোস্টেলের সহকারী হল সুপার মো. সামিম আহম্মেদ বলেন, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে কলেজ মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালির সাথে থাকা পানি বের হয়ে যাওয়ায় সময় হোস্টেলের ওই অংশটি থেকে মাটি সরে যায়। এতে করেই এমন ঘটনা ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন। বাকি তিন চারজন এখনো হাসপাতালে রয়েছেন।