ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১২:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্সে রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে বাসস।
দু’টি চুক্তি অনুযায়ী, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদানে ঢাকাকে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বুধবার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ৩৩০ মিলিয়ন ইউরোর মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্ট (এএফডি) মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে।
ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো। প্রকল্পটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং তা চলছে বলে জানান তিনি।
এ নিয়ে বাংলাদেশকে এএফডি’র দেওয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়াল। এর আগে সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছে।
ফাতিমা ইয়াসমিন বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এএফডি’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ।
তিনি বলেন, তারা আগামীতে ফ্রান্সের সঙ্গে হোস্ট কান্ট্রি চুক্তি স্বাক্ষর করবে। বিষয়টির আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের জন্য সহযোগিতা জোরদারে ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
তিনি বলেন, তারা বিমান পরিবহন নিরাপত্তাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহায়তা করছে। এতে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।