ডেস্ক রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ৪:১৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: অনুমতি ছাড়া জেমস ও মাইলসের আটটি গান ১৪ বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলস।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এসব মামলা করা হয়। আদালত এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেন।
এ দিন জেমস আদালতে উপস্থিত হন। এ ছাড়া মাইলসের পক্ষে উপস্থিত ছিলেন সাফিন আহম্মেদ ও হামিম আহম্মেদ।
শুনানিতে জেমস ও মাইলসের আইনজীবী মিজানুর রহমান মামুন বলেন, ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ মাইলস ব্যান্ডের এই দু’টি গান কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক।
গান দু’টি সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়। এরপর ২০১৭ সালের ৬ আগস্ট গান দুটি সরিয়ে নেওয়ার জন্য তাদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়।
এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এরপরও তারা তা সরিয়ে নেয়নি।
চলতি বছরের ২১ অক্টোবর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে তারা গুলশান থানায় যান। থানায় মামলা না নিলে তারা আদালতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।
আইনজীবী মিজানুর রহমান মামুন আরও বলেন, নগর বাউলের ছয়টি গান অনুমতি ছাড়া ১৪ বছর ধরে ওয়েল কামটিউন হিসেবে ব্যবহার করছে বাংলালিংক। তাদের গান সরাতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা গান সরায়নি।
এ ছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এরপরও তারা তা সরিয়ে নেয়নি।