ডেস্ক রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ৩:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে, মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ যেন ঘটনা অন্যদিকে ধাবিত করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এছাড়া বিভিন্ন ধর্মের প্রধানদের আন্তঃধর্মীয় সংলাপে জোর দিয়েছেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছেন অ্যাকশন নেয়ার জন্য এবং আমাদের ইন্টেলিজেন্স টিমও কাজ করছে। কুমিল্লার বিষয়ে আমার ধারণা খুব দ্রুতই উদঘাটন হবে।
সভায় ই-কমার্স নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ২০ দিনের ভেতর সুপারিশ দেবে কমিটি। ই-কমার্সকে বন্ধ করা যাবে না, তবে তা যেন নিয়ন্ত্রণ ও তদারকিতে থাকে সে বিষয় নিয়েই সরকার কাজ করছে।
এদিকে, প্রশ্নফাঁসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লায় একটি মন্দিরে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপর এ ঘটনার জেরে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক হামলা চালানো হয়। এসব ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা দায়ের করা হয়েছে এবং আটক হয়েছেন ৪শ’র বেশি ব্যক্তি।