ডেস্ক রিপোর্ট

১৪ অক্টোবর ২০২১, ৮:০৩ অপরাহ্ণ

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : অক্টোবর ১৪, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিক নেতারা।

এর আগে রোববার (১০ অক্টোবর) এক সভায় বৃহস্পতিবার পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম ইমদাদুল ইসলাম।

উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ।

সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমানের আশ্বাসে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠকে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা পরিবহন কর্মবিরতি (ধর্মঘট) কর্মসূচি প্রত্যাহার করলাম।

শনিবার (৯ অক্টোবর) কদমতলি এলাকায় সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি ট্রাফিক) ফয়সাল মাহমুদ, এডিসি (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার ও ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদোত্তীর্ণ সব সেতু থেকে টোল আদায় বন্ধ এবং তিন বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের মুক্তিসহ ছয় দফা দাবিতে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে তাদের দাবি মেনে নেওয়া না হলে মঙ্গলবার সকাল থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন কর্মবিরতির ডাক দেন তারা। রোববার বিকেলে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়।

শেয়ার করুন