ডেস্ক রিপোর্ট
৬ অক্টোবর ২০২১, ২:২৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: কালীঘাটে এসে মাথা ন্যাড়া করে, আদি গঙ্গায় স্নান সেরে বিজেপি করার প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিপুরা থেকে কলকাতায় এসে প্রথমে ন্যাড়া করান। এরপর আদি গঙ্গায় স্নান সেরে প্রায়শ্চিত্ত করেন ভারতের ত্রিপুরা রাজ্যের সুরমা আসনের বিধায়ক আশিস দাস। তারপর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি সরকারের হয়ে কাজ করার প্রায়শ্চিত্ত করতে নিজের মাথা ন্যাড়া করেন।
আশিসের দাবি, ত্রিপুরায় বহু অপকর্ম করেছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। রাজনৈতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা উস্কে দেয়ায় বিজেপির নেতাদের উপর অসন্তুষ্ট রাজ্যবাসী। এর আগেও ত্রিপুরার বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কড়া সমালোচনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে দেখা গেছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ত্রিপুরা থেকে কলকাতায় গিয়ে মঙ্গলবার নিজের পূর্ব ঘোষণা মতোই প্রথমে মাথা ন্যাড়া করান আশিস দাস। এরপর আদি গঙ্গায় গোসলও করেন ত্রিপুরার সুরমা বিধানসভা আসনের এই বিজেপি বিধায়ক। সবশেষে ধর্মীয় রীতি মেনে যজ্ঞও করেন তিনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বাইরে দেশটির অন্যান্য রাজ্যেও সংগঠন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এর ভেতরে ত্রিপুরা অন্যতম। রাজ্যটিতে তৃণমূল নিজের অবস্থান যত শক্ত করার চেষ্টা করছে, ততই প্রকাশ্যে চলে আসছে বিজেপির অন্তঃদ্বন্দ্ব।

সম্প্রতি ত্রিপুরা সিভিল সার্ভিস কর্মকর্তাদের সম্মেলনে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য আদালত অবমাননার সমান বলে অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক আশিস দাস। শুধু তাই নয়, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়লাভের পরদিনই ওই বিধায়ক জানান, সুদূর ত্রিপুরা থেকে কলকাতার কালীঘাটে গিয়ে বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করবেন তিনি।
বিজেপিকে আক্রমণ করে আশিস দাস ইতোমধ্যেই জানিয়েছেন, কোনটা মুখ এবং কোনটা মুখোশ তা মানুষ বুঝে গেছে। তাই মা-মাটি-মানুষের প্রতি সমর্থন বাড়ছে। দলত্যাগী এই বিজেপি বিধায়ক বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি।
এদিকে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। তা সত্ত্বেও তাদের একজন বিধায়কের কলকাতায় গিয়ে মাথা ন্যাড়া করে তৃণমূলে যোগ দেওয়া বিজেপি শিবিরের কাছে নিঃসন্দেহে বড় একটি ধাক্কা।