ডেস্ক রিপোর্ট
৬ অক্টোবর ২০২১, ১:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এর মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকার শুধু ধনিক শ্রেণি আর লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। ফলে বাজার সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে।’
বুধবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চাল-ডাল-তেল-আটা-পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে ন্যাপ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘গরিবের মোটা চালের কেজি পৌঁছেছে ৫০ টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষ। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালোবাজারি ঠেকানোর কার্যক্রম।’
সংহতি প্রকাশ করে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, ‘ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে অশুভ দিনের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে পাওয়া সাধারণ মানুষের অধিকার। টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে দেশের দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের দাবি। একদিকে ডেঙ্গুর ছোবল, অন্যদিকে পণ্যের ঊর্ধ্বমুখী মূল্যে নিম্ন আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত।’
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়ার সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, লেবার পার্টি চেয়ারম্যান হায়দুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় লীগ সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সম্পাদকীর সদস্য মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মো. আমজাদ হোসেন, মহানগর নেতা মো. শামিম ভূঁইয়া, হাবিবুর রহমান, নারী নেত্রী মিতা রহমান, আনোয়ারা বেগম প্রমুখ।