ডেস্ক রিপোর্ট

২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯, ২০২১ ১২:১০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন জেলা পরিষদের সদস্যরা। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর এক আবেদনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা পরিষদের ১০ জন সদস্য এ অভিযোগ দায়ের করেছেন।

সিনিয়র সচিব বরাবর অভিযোগ পত্রে জেলা পরিষদের সদস্যরা উল্লেখ করেন, নির্বাচিত হওয়ার পর থেকে সদস্যদের মাসিক সভার কার্য বিবরণী সরবরাহ না করেই জেলা পরিষদের চেয়ারম্যান মাসিক সভায় সাদা কাগজে চাপ প্রয়োগ করে সদস্যদের স্বাক্ষর নিয়ে থাকেন। জেলা পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছাচারিতার মাধ্যমে সম্পূর্ণ অন্যায় ও আইন বহির্ভূতভাবে এমনকি কোরাম সংকটের মধ্যেও রাজস্ব ও এডিপির বরাদ্ধসমূহ নিজ ইচ্ছামতো একক সিদ্ধান্তে প্রকল্প অনুমোদন দিয়ে আসছেন।

জেলা পরিষদের সদস্যরা অভিযোগ পত্রে আরও উল্লেখ করেন, সদস্যদের পক্ষ থেকে বার্ষিক বাজেটের কোনো মতামত না নিয়ে এবং বাজেটের কপি সদস্যদের না দিয়ে এককভাবে তা নির্ধারণ করে রাজস্ব ও এডিপির বরাদ্ধ গ্রহণ করা হয়। দেশের অন্যান্য জেলা পরিষদের সদস্যরা প্রতি অর্থ বছরে যে পরিমাণ প্রকল্প বরাদ্ধ পান, সেখানে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্যরা নামমাত্র মাত্র ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা বরাদ্ধ পান।

সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্যরা বিগত অর্থ বছর ২০১৭-২০১৮ ইংরেজি থেকে ২০২০-২০২১ ইংরেজি এর প্রকল্প বাস্তবায়ন সমূহের সার্বিক অবস্থার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে জেলা পরিষদের সুনাম ও ঐতিহ্য রক্ষার করার দাবি জানান।

গত ২১ সেপ্টেম্বর সিনিয়র সচিব বরাবর করা অভিযোগ পত্রে স্বাক্ষরকারীরা হচ্ছেন জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ তারিক হাসান , ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সহিদ মুহিত, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী, ১০ নম্বর ওয়ার্ডের সদস্য মাহতাব উল হাসান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, ৫ নম্বর (সংরক্ষিত) ওয়ার্ডের সদস্য মোছা. নূরুন্নাহার , ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাজমুল হক, ২ নম্বর (সংরক্ষিত) ওয়ার্ডের সদস্য ফৌজি আর বেগম, ৪ নম্বর (সংরক্ষিত) ওয়ার্ডের সদস্য সাবিনা সুলতানা ও ১২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল আজাদ।

শেয়ার করুন