ডেস্ক রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো, গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান্টের কাজ দ্রুত শুরু করা এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত করার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ এ কর্মসূচি পালন করে।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচির আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন।
এসময় তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের লক্ষ্যে নাগরিক সমাজ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহারের লক্ষ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর স্পষ্ট ঘোষণা নগরবাসী দেখতে চায়। ইতিমধ্যে এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সিলেট নগরীর প্রগতিশীল দেশপ্রেমিক ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নাগরিক আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি এই দাবীকে গুরুত্বের সাথে বিবেচনা করে অবিলম্বে সিসিকের পানির বর্ধিত বিল পুরোপুরি প্রত্যাহারের জোর দাবী করেন। পাশাপাশি দুর্নীতি, হয়রানী ও অপচয়মুক্ত গ্যাস-বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত, এলপিজি গ্যাসের মূল্য অবিলম্বে কমানের জোর দাবী জানান।
কেন্দ্রীয় সদস্য মানবাধিকারকর্মী সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডা. অরুণ কুমার দেব, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুবনেতা এহছানুল হক তাহের, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমিরুল ইসলাম চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, মোক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিকন তালুকদার রিখন, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সন্তুষ দেব প্রমুখ।
কর্মসূচি শেষে সিলেটের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এডভোকেট এর আশু রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।