ডেস্ক রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:২৮ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি :: রক্তে রঞ্জিত ঐতিহাসিক শিক্ষা দিবসের গৌরবময় ইতিহাস স্মরণে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর শাখার উদ্যোগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আলোচনা সভার আয়োজন করে।
সিলেট নগর সংগঠক বিশ্বজিৎ চন্দ্র শীল এর সভাপতিত্ব ও তানজিনা বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রগতিশীল রাজনৈতিক কর্মী নিরঞ্জন সরকার অপু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, তাসনিম রাবি, আয়শা আক্তার প্রমুখ৷
আলোচনা সভায় বক্তারা বলেন, ৬২ এর শিক্ষা আন্দোলন একই সাথে শিক্ষার বাণিজ্যিকরণ, সাম্প্রদায়িকরণ ও সংকোচনের বিরুদ্ধে স্বৈরশাসনের ভিত কাঁপিয়ে দেয়া ছাত্র জানতার ঐক্যবদ্ধ প্রতিরোধের গৌরবময় ইতিহাস৷ নিছক আনুষ্ঠানিকতা দিয়ে নয়, এই দিবসটি হোক রাষ্ট্রীয় ফ্যাসিবাদের ও শিক্ষা সংকোচনের বিরুদ্ধে ছাত্রদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণা৷ ১৭ ই সেপ্টেম্বরের সেই গণজোয়ার আবারও ফিরে আসুক, রচিত হোক শ্রমিক ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নতুন ইতিহাস।