ডেস্ক রিপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিরাজগঞ্জের চৌহালি উপজেলা ও এনায়েতপুর থানার সোদিয়াচাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর ঘাটে ৭৫ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত শ্যালো নৌকা ডুবে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ নৌকাডুবির ঘটনায় আরো পাঁচজন নিখোঁজ ও ৩০ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসী পাঁচশিরা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ছিলিমন বেগম (৬০) ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফরমা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।
নিহতদের লাশ বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মিলে উদ্ধার করে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা ও বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, এনায়েতপুর খাজা ইউনুস আলী(র.) এর পাক দরবার শরীফের বার্ষিক ওরশ উপলক্ষে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাঁশ সংগ্রহ করে ৭৫ যাত্রী নিয়ে শ্যালো নৌকাটি এনায়েতপুর নৌকা ঘাটের কাছে পৌঁছালে যমুনা নদীর পানির প্রচণ্ড পাকে পড়ে ডুবে যায়।
তিনি জানান, এ সময় স্থানীয়রা শ্যালো নৌকা নিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে। অনেকে আবার সাঁতার দিয়ে তীরে ওঠে। এর মধ্যে সাতজন নিখোঁজ হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজার পর যমুনা নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
ওসি জানান, নিখোঁজরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফরমা গ্রামের তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুখি বেগম (৫০), মিন্টুর স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) ও আব্দুস সাত্তার (৬০)।
তিনি আরো জানান, নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এনায়েতপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারাদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।