ডেস্ক রিপোর্ট

৯ সেপ্টেম্বর ২০২১, ১:০৪ অপরাহ্ণ

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : সেপ্টেম্বর ৯, ২০২১ ১:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করার আহ্বান জানান তিনি।

রাজীব আহসানকে বুধবার রাত সোয়া ১১টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো সন্ধান না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কবজায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণকে ভয় পাইয়ে দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন চালু রাখতেই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের হত্যা, অপহরণ ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে।

শেয়ার করুন