ডেস্ক রিপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামপ্রিতিনিধি:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় পরিবহন ও আবাসন ব্যবস্থা নিশ্চিতের যৌক্তিক দাবির কর্মসূচিতে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের হেনস্থা ও “কর্মসূচিতে আসতে উৎসাহ প্রদান ও প্ররোচনা দেয়ার” অভিযোগে তিন ছাত্রনেতাকে শোকজের অগণতান্ত্রিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক দেবরঞ্জন দেব ও সদস্য সচিব ইসরাত হক জেরিন এক যুক্ত বিবৃতিতে জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়ায় শিক্ষার্থীদের জন্য পরিবহণ ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের উপর থাকলেও, প্রশাসনের পক্ষ থেকে তার কোনো দায় নেয়া হয়নি। উল্টো আমরা দেখলাম, এসকল দাবিতে শিক্ষার্থীরা গত ২রা সেপ্টেম্বর স্বারকলিপি পেশ করতে গেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশাসন কর্তৃক বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং “এক শিক্ষার্থীকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করা ” এই মর্মে অভিযোগের ভিত্তিতে তিন ছাত্রনেতাকে শোকজ করা হয়।
আমরা মনে করি এ ধরনের অভিযোগ দিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করা অত্যন্ত নিন্দনীয় ও এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মত প্রকাশের চর্চা বিকাশের ক্ষেত্রে হুমকিস্বরূপ।
বিভিন্ন যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন ও সেই দাবির পক্ষে প্রচার-প্রচারণা করা এবং তাতে অংশগ্রহণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চা ও গণতান্ত্রিক মত প্রকাশের কেন্দ্রস্থল। প্রশাসনের এহেন ভূমিকা বিশ্ববিদ্যালয়ের মৌলিক মনস্তত্বের পরিপন্থী এবং তা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুন্ন করে।
নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এরুপ দায়সারা ও দমনমূলক মনস্তত্ত্ব পরিহার করে অবিলম্বে তিন ছাত্রনেতার বিরুদ্ধে আনীত অভিযোগ ও শোকজের সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিবহন ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করে প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব আচরণের আহবান জানান।