ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২১, ৩:০৬ অপরাহ্ণ

দুদকের করা মামলায় আদালতে ওসি প্রদীপ

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগপত্রের শুনানিতে অংশ নিতে গ্রেফতার কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্নীতি মামলায় গত ২৬ জুলাই প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। আজ আসামি প্রদীপের উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হওয়ার কথা রয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত বছরের ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারা, ২৭ (১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সাল থেকে ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। পরে ২০১৯ সালের ২০ এপ্রিল ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ করা হলে একই বছরের জুন মাসে তারা সম্পদের হিসাব জমা দেন।

মামলাটির তদন্ত শেষে গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে ওসি প্রদীপ ও তার স্ত্রীকে আসামি করা হয়। এ পর্যন্ত চুমকি কারণ পলাতক হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে এ দম্পতির বিরুদ্ধে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এছাড়া আরো ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টিও অভিযোগপত্রে উঠে আসে।

গত বছরের ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে ওই বছরের ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন।

শেয়ার করুন