ডেস্ক রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১০:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টার্স ও চতুর্থ বর্ষের জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে তাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে শিক্ষা কার্যক্রম শুরু হবে মধ্য নভেম্বর।’
মঙ্গলবার (২৪ আগস্ট) প্রভোস্ট কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।
তিনি জানান, মঙ্গলবার প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান ও বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
প্রভোস্ট কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে গোলাম রব্বানী আরও বলেন, ‘এখনও আমাদের শিক্ষার্থীদের একটা অংশ টিকার আওতায় আসেনি। তাদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে বলা হয়েছে। আর এই তারিখের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলে আবাসিক হল খুলে দেওয়া হবে। হল খুলে দেওয়ার পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষা কার্যক্রম মধ্য নভেম্বর।’