ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ২:১৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: অসম্ভব দ্রুত অস্থিতিশীল হয়ে পড়েছে গোটা আফগানিস্তান। কাবুল শহরের পতনের পর তালেবানরা সেখানকার ক্ষমতা দখল করে নিয়েছে। এরফলে সেখানে অবস্থিত বাংলাদেশিরা দ্রুততার সঙ্গে ওই দেশ ত্যাগ করার চেষ্টা করছে।
ইতোমধ্যে রবিবার (১৫ আগস্ট) ব্র্যাকের তিনজন কর্মী টার্কিস এয়ারে কাবুল ত্যাগ করেছেন এবং আশা করা হচ্ছে, আরও ছয় জন আগামী ১৮ আগস্ট আফগানিস্তান ত্যাগ করবেন।
এ বিষয়ে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম বলেন, ‘ব্র্যাকের কর্মীরা কাবুলের একটি গেস্ট হাউজে অবস্থান করছেন। তাদের দলনেতা ও ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মাদ করিম শিকদার আমাকে জানিয়েছেন, ১৮ আগস্ট টার্কিস এয়ারে করে তারা কাবুল ত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন।’
বাকি আরও পাচঁ জন হচ্ছেন— মোহাম্মাদ আসাদুজ্জামান, মোহাম্মাদ সরফরাজ, কামাল হোসেন, রফিকুল হক মৃধা ও ইউসুফ হোসেন বলে জানান রাষ্ট্রদূত।
উল্লেখ্য, আফগানিস্তানে বাংলাদেশের কোনও দূতাবাস নেই এবং উজবেকিস্তান থেকে দেশের স্বার্থ সংরক্ষণ করা হয়।
রাষ্ট্রদূত বলেন, ‘আগে ব্র্যাকের ৩০০ থেকে ৫০০ জন কর্মী কাজ করতেন। কিন্তু এখানে গোলযোগ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে তাদের প্রত্যাহার করা হয়। যেমন এ মাসের প্রথম দিকে পাঁচ জন ব্র্যাককর্মী ছুটি শেষ করে কর্মস্থলে আসতে চাইলে তাদেরকে ফেরত যেতে নিষেধ করা হয় পরিস্থিতি প্রতিকূল থাকার জন্য।’