ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ৬:০১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্ক নাগরিকদের টিকা প্রদান নিশ্চিতসহ ৫ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৭ আগস্ট) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।
বাম জোটের ৫ দফা দাবির মধ্যে রয়েছে ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত বয়স্ক সকল নাগরিককে করোনা টিকা প্রদান নিশ্চিত করা; জেলা-উপজেলায় সকল হাসপাতালে বেড সংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, ফিল্ড হাসপাতাল নির্মাণ করা; করোনাকালে সকল শ্রমজীবী মানুষকে খাদ্য ও নগদ অর্থসহায়তা, রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান; সকল শিল্প-শিক্ষার্থীকে করোনা টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া; এবং করোনা মোকাবিলায় ব্যর্থ অবৈধ সরকারের পদত্যাগ করা।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আগামীকাল ১৭ আগস্ট ২০২১ বিকাল ৪টায় পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।