ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ১:১৯ অপরাহ্ণ

‘১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না’

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশে জঙ্গি হামলার আশঙ্কা পুলিশ উড়িয়ে দিচ্ছি না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ দিনকে কেন্দ্র করে হামলা চালিয়ে জঙ্গিরা আন্তর্জাতিক মিডিয়ায় আসতে চায়। তবে আমরা সর্বোচ্চ মেধা ও চেষ্টা দিয়ে সব ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত আছি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে শনিবার (১৪ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি ও নাশকতাকারী গ্রেফতার হয়েছে। তারা যে থেমে নেই, সেটা বলা যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, বাংলাদেশ যেন কোনোভাবেই আক্রান্ত না হয়। যারা জঙ্গি হামলার চেষ্টা করে তাদের টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ায় আশা। ছোট একটি ঘটনা ঘটিয়ে তারা মিডিয়ায় আসতে চায়। এ কারণেই ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে। ১৫ আগস্ট ভেন্যুতে কিংবা তার আশেপাশে বা দূরে যদি একটি বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষিত হবে। এসব দিক বিবেচনা করে তারা চেষ্টা করে, কিন্তু আমরা মনে করি না যে, সেটা তাদের পক্ষে আর সম্ভব। যে গ্রুপটি এ ধরনের কাজে তৎপরতা শুরু করেছিল, তাদের একটি গ্রুপ ধরা পড়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘গত পরশু জঙ্গি সংগঠনের লিডিং একজনকে গ্রেফতার করা হয়েছে। সে বোমা বিশেষজ্ঞ, অনলাইনে বোমা তৈরি প্রশিক্ষণ দিতো। নারায়ণগঞ্জে যে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে তা তার সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ব এখন সাইবার ওয়ার্ল্ড এর মধ্যে বন্দি। নিজেদের বাড়ি ঘর থেকে শুরু করে অফিস-আদালতে মিটিং করছি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে। জঙ্গিরাও কিন্তু বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তাদের মানুষের রিক্রুট করছে। সম্প্রতি আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানের পক্ষ থেকে। বাংলাদেশের কিছু মানুষ অলরেডি তালেবানের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার জন্য হিজরত করেছে। আমরা ধারণা করছি, কিছু মানুষ ভারতে ধরা পড়েছে, আর কিছু মানুষ পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। সাইবার ওয়ার্ল্ডয়ে শুধু আমরা না, বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রমের মনিটর করে। যখনই সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়, তখনই আমাদের অবহিত করে।। সরকারের সবাই তৎপর রয়েছে।’ কালকের দিনটা যেন ভালো যায়, সে জন্য দোয়া কামনা করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শুধু সকালেই নয় দিনব্যাপী যেকোনও সময় এসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেতে পারবেন সে ব্যবস্থা থাকবে।’

যারা শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসবেন তাদের অবশ্যই মাস্ক পরে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘মাস্ক পরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। যারা ভেতরে ঢুকবেন তারা হ্যান্ড সেনিটাইজার করে নেবেন। শ্রদ্ধা জানাতে গিয়ে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানাতে যেসব ভাইয়েরা আসেন, তারা অনেকেই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। আমরা চাইবো যত দ্রুত সম্ভব শ্রদ্ধা জানিয়ে স্থান ত্যাগ করবেন। বেশি মানুষ ভিড় করবেন না।’

 

 

শেয়ার করুন