ডেস্ক রিপোর্ট

১৩ আগস্ট ২০২১, ৭:২৬ অপরাহ্ণ

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে রেললাইনের দাবি

আপডেট টাইম : আগস্ট ১৩, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ সংবাদদাতা:: ঢাকা- মানিকগঞ্জ- পাটুরিয়া রেল লাইন স্থাপন করো, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ নিহদের স্মরণে ভাস্কর্য, স্মৃতিফলক ও চলচ্চিত্র কমপ্লেক্স স্থাপন করাসহ বিভিন্ন দাবিতে তারেক মাসুদ মিশুক মুনীর স্মৃতি সংসদ, মানিকগঞ্জ প্রেস ক্লাব ও বারসিক এর যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

আজ শুক্রবার (১৩ আগস্ট ২০২১) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে মানিকগঞ্জ ঘিওর উপজেলাধীন জোকা বাসস্ট্যান্ডে ২০১১ সালে তারেক মাসুদ মিশুক মুনিরদের দুর্ঘটনাস্থলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব এর সভাপতিত্বে ও প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণমুলক আলোচনায় অংশগ্রহণ করেন তারেক মাসুদ মিশুক মুনীর স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, রেইনবো থিয়েটার এর প্রতিষ্ঠাতা সাংস্কৃতিককর্মী গীনি আলম, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ দিপু, নাট্যকর্মী রুহিদাস চক্রবর্তী, বারসিক কর্মকর্তা সুবির কুমার সরকার, সাংবাদিক আব্দুর রাজ্জাক, মোহসিন মিয়া, সাবেক ছাত্র নেতা আতোয়ার রহমান তোহা, আবৃত্তি করেন কবি মনজুর হোসাইন মন্টু, ক্রীড়াবিদ সামায়েল হাসদা প্রমুখ।

বক্তারা বলেন আমরা আর সড়কে মানুষের মৃত্যু চাইনা,যানজট চাইনা,অধিক জনসংখ্যার অধিবাসী আমরা। দেশের মানুষকে নিরাপদে চলাচলের জন্য রেললাইন এর বিকল্প নেই। আমরা দুর্ঘটনারোধে নৌপথের সচলায়ন চাই। তাদের স্মরণে এখানে ভাস্কর্য ও চলচ্চিত্র গবেষণাকেন্দ্র নির্মাণের জোর দাবি করছি।

উল্লেখ্য যে , চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। তাদের সাথে আরো তিনজন নিহত হন। ওই তিনজন হলেন চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

তারেক মাসুদ তার সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরসহ নয় সদস্যের একটি দল নতুন সিনেমা ‘কাগজের ফুল’-এর লোকেশন দেখতে মানিকগঞ্জে যান। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ‘মাটির ময়না’র পরিচালক তারেক মাসুদ। ১৯৮৯ সালে চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে ‘আদম সুরত’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন তারেক মাসুদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৯৯৫ সালে তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ (১৯৯৬) প্রশংসিত হয় আন্তর্জাতিক অঙ্গনেও। এরপর ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ দেশের চলচ্চিত্রকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে।

ক্যামেরা ‘ডিরেক্টর’ হিসেবে কাজ করে যেসব বাংলাদেশী আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে আশফাক মিশুক মুনীর ছিলেন অন্যতম। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সবার কাছে মিশুক মুনীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাদের দু’জনকে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করে সরকার।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হন।

ওই ঘটনার পর ১৪ আগস্ট মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা থেকে ডিবি পুলিশের একটি দল চালক জামিরকে আটক করে। ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে একমাত্র আসামি করা হয়। মামলা দায়েরের আট মাস পর মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে ঘোষিত রাতে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর জামির হোসেনকে প্রথমে মানিকগঞ্জ জেলা কারাগার ও পরবর্তীতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়েছিল।

২০২০ সালের ১ আগস্ট বাসচালক জামির হোসেন (৬০) শহীদ সোহরাওয়ার্দী হৃদরোগ ইনস্টিটিউটে বন্দী অবস্থায় মারা যায়।

 

শেয়ার করুন