ডেস্ক রিপোর্ট

৩১ জুলাই ২০২১, ২:৫৮ অপরাহ্ণ

‘গার্মেন্টস খুলে দেওয়া মালিকস্বার্থের কাছে সরকারের নতি স্বীকারের সামিল’

আপডেট টাইম : জুলাই ৩১, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ আজ এক যুক্ত বিবৃতিতে করোনা ভয়াবহতার মধ্যে গণপরিবহন বন্ধ রেখে গার্মেন্টস কারখানা খুলে দেওয়া শ্রমিক জীবনকে বিপন্ন করা ও মালিকস্বার্থের কাছে সরকারের নতি স্বীকারের সামিল বলে অভিহিত করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জনগণের স্বাস্থ্যসুরক্ষা ও খাদ্য নিরাপত্তার কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে যখন সংক্রমণের ভয়াবহতা দিন দিন বাড়ছে, তখন গার্মেন্টসসহ সকল রপ্তানিমুখী কারখানা ১ আগস্ট থেকে খুলে দেওয়ার চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার। একদিকে গণপরিবহন বন্ধ থাকার দরুন শত শত মাইল পায়ে হেঁটে আসতে বাধ্য হবে শ্রমিকরা, অন্যদিকে এর মধ্য দিয়ে তারা স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকিসহ চরম ভোগান্তির সম্মুখীন হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ বিবৃতিতে মালিকদের স্বার্থে কারখানা খোলা রাখার এই প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং সকল শ্রমিককে করোনা টিকাদান, করোনার উচ্চ সংক্রমণের এই সংকটজনক সময়ে সবেতন ছুটির দাবি জানান।

শেয়ার করুন