ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১০:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চলমান করোনা মহামারি পরিস্থিতিতে করণীয় কী, তা ঠিক করতে গুরুত্বপূর্ণ এক সভায় বসছে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হবে।
তিনি বলেন, “কালকে আমরা মিটিং করব। আগামীকাল মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বড় মিটিং অনুষ্ঠিত হবে।”
স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানায়, এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১৫ হাজার ১৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত এবং ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তা মঙ্গলবারের সভাতেই ঠিক হবে।
এর আগে মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তাতে এখন কঠোর বিধি-নিষেধের কোনো বিকল্প নেই।
পরিস্থিতি সামাল দিতে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিচ্ছেন সচিব আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, “হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনাভাইরাস) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানিতে তো অসহায় হয়ে পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কী হয়েছে।”
তিনি বলেন,“একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, (সামাজিক) দূরত্ব না মানে, ইট উইল বি অলমোস্ট ইমপসিবল। মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফিটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কাতে আপনি খেয়াল করে দেখেছেন কি না, নামাজ বা তাওয়াফ করে, কী রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সে জন্যই সৌদি আরব নিয়ন্ত্রণ করতে পেরেছে।”
চলমান বিধি-নিষেধেও বেসরকারি অনেক প্রতিষ্ঠান খোলা আছে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমার সাথে গতকালকেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।”