ডেস্ক রিপোর্ট
৯ জুলাই ২০২১, ৯:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৯ জুলাই ২০২১ এক বিবৃতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, সেজান কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিকের মৃত্যু ও অসংখ্য শ্রমিকের আহত হওয়ার ঘটনা বাস্তবে মালিক ও সরকারের অবহেলাজনিত এবং কাঠামোগত হত্যাকাণ্ড।
বিবৃতিতে তিনি বলেন, ইতিপূর্বে তাজরীন, রানা প্লাজা, টাম্পাকোসহ বিভিন্ন কারখানায় এ ধরনের হত্যাকা-ের বিচার না হওয়ায় মালিকেরা এ রকম অবহেলা প্রদর্শন করে পার পেয়ে যাচ্ছে এবং এ ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। তিনি বলেন, এই হত্যার দায় সরকারের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কোনভাবেই এড়াতে পারে না।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধিতে কঠোর লকডাউনেও মুনাফালোভী মালিক ও তাদের স্বার্থ রক্ষাকারী সরকার শ্রমিকের জীবনের নিরাপত্তা বিধান না করে করাখানা চালু রেখে শ্রমিকের কাজ করতে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, শ্রম আইনের শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও সেজান কারখানায় হতাহতের অধিকাংশই নারী ও শিশু।
বিবৃতিতে খালেকুজ্জামান নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমরিমাণ ক্ষতিপূরণ, আহতদের উপযুক্ত চিকিৎসা ও পুর্নবাসন এবং ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।